সংস্কৃতির মাধ্যমে প্রতিবাদ: যখন গান হয়ে ওঠে ভাষা
Banglaprabah.com – যখন প রত ব দ র ভ – ইতিহাসের পাতায় এমন অনেক সংগ্রামের সন্ধান মেলে, যেখানে অস্ত্রের শব্দ শোনা যায়নি, তবু সেই সংগ্রাম পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছে। সেখানে সেনাবাহিনীর উপস্থিতি ছিল না, কামানের গর্জনও ছিল না, রক্তপাতের সংঘাতও ছিল না। ছিল শুধু একটি গান, একটি কবিতা, একটি নাটক, একটি চিত্র বা একজন মানুষের সাহসী অস্তিত্ব। ইতিহাসের দিকে তাকালেই বোঝা যায়, সংস্কৃতি বহুবার এমন পরিবর্তনের সূত্রপাত করেছে, যেখানে রাজনৈতিক ক্ষমতার প্রভাব সীমিত হয়ে পড়েছে।
সংস্কৃতি: চেতনার রূপান্তরকারী শক্তি
সংস্কৃতি মানুষের বাহ্যিক আচরণের চেয়ে তার ভেতরের চেতনা ও মনোজগৎকে গভীরভাবে পরিবর্তন করে। সমাজে যখন ভয় প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, তখন সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ হয়ে ওঠে মানুষের স্বাধীন চিন্তা। আর সেই স্বাধীন চিন্তার সবচেয়ে প্রাকৃতিক প্রকাশ ঘটে সংস্কৃতির মধ্য দিয়ে। যে সমাজ গান গায়, কবিতা লেখে, নাটক মঞ্চস্থ করে, নাচে, ছবি আঁকে বা নিজের জীবনকে সৌন্দর্যের ভাষায় প্রকাশ করে, সেই সমাজকে দীর্ঘদিন ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায় না। কারণ, সংস্কৃতি মানুষের আত্মমর্যাদাকে জাগিয়ে তোলে।
বাংলাদেশের সাম্প্রতিক সামাজিক বাস্তবতায় আমরা এমন এক দৃশ্য প্রত্যক্ষ করেছি, যা একটি ঘটনাকে কেন্দ্র করে মানুষের সংহতি, সাহস ও সাংস্কৃতিক প্রতিরোধের নতুন অধ্যায় রচনা করেছে। একজন নারীকে সামাজিকভাবে অপমান করার চেষ্টা হয়েছিল। তাঁর অপরাধ, তিনি প্রকৃতির সঙ্গে মিশে একটি গানকে সঙ্গী করে নিজের স্বাভাবিক আনন্দ প্রকাশ করেছিলেন। কিন্তু সেই ব্যক্তিগত আনন্দকে বিকৃত ব্যাখ্যা দিয়ে তাঁকে আক্রমণের লক্ষ্য বানানো হয়। উদ্দেশ্য ছিল, একজনকে ভয় দেখানো, কিন্তু শেষ পর্যন্ত ভয় পরাজিত হয়েছে মানুষের সম্মিলিত সাংস্কৃতিক প্রতিরোধের কাছে।
এই প্রতিরোধের বিশেষত্ব ও শক্তি এখানেই যে কেউ গালি দেয়নি, কেউ পাল্টা ঘৃণা ছড়ায়নি। হাজারো মানুষ একই গান গেয়েছেন, একই আবহে ভিডিও তৈরি করেছেন, একই নান্দনিকতার মাধ্যমে জানিয়েছেন তাঁদের অবস্থান। প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে সৌন্দর্য।
নারীর স্বাধীনতা: কর্তৃত্ববাদী মানসিকতার চ্যালেঞ্জ
সমাজে সব সময়ই এমন কিছু শক্তি থাকে, যারা মানুষের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করতে চায়। বিশেষ করে নারীর স্বাধীনতা তাদের কাছে সবচেয়ে অস্বস্তিকর বিষয়। কারণ, স্বাধীন নারী শুধু একজন ব্যক্তি নন; তিনি একটি ধারণা। তিনি প্রশ্ন করেন, সিদ্ধান্ত নেন, নিজের পছন্দকে মূল্য দেন, নিজের জীবন সম্পর্কে নিজেই মত প্রকাশ করেন। এই স্বাধীন সত্তাই কর্তৃত্ববাদী মানসিকতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তাই ইতিহাসে দেখা যায়, নারীর পোশাক, চলাফেরা, হাসি, গান, শিল্পচর্চা বা জনজীবনে অংশগ্রহণকে নিয়ন্ত্রণ করার প্রবণতা নতুন নয়। যুগে যুগে ক্ষমতাকেন্দ্রিক সমাজ নারীর শরীরকে নিয়ন্ত্রণের মাধ্যমে সমাজকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে। কারণ, তারা জানে, নারীর স্বাধীনতা প্রতিষ্ঠিত হলে পরিবারের ভেতর প্রশ্ন জন্মাবে, শিক্ষায় নতুন আলো আসবে, সন্তান ভিন্নভাবে বড় হবে, সমাজে সমতার ধারণা শক্তিশালী হবে। অর্থাৎ একজন স্বাধীন নারী কেবল নিজের জীবনই বদলান না, তিনি আগামী প্রজন্মের চিন্তার ভিতও বদলে দেন।
ধর্ম ও সংস্কৃতি: সম্পর্কিত কিন্তু অভিন্ন নয়
আমাদের সমাজে ধর্মকে কেন্দ্র করে বহু বিভ্রান্তিও ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়। অনেকেই ধর্ম ও সংস্কৃতিকে একই বিষয় হিসেবে উপস্থাপন করতে চান। অথচ ধর্ম ও সংস্কৃতি পরস্পর সম্পর্কিত হলেও অভিন্ন নয়। ধর্ম মানুষের বিশ্বাস, উপাসনা ও আধ্যাত্মিক জীবনের বিষয়। সংস্কৃতি মানুষের ভাষা, সাহিত্য, সংগীত, পোশাক, খাদ্যাভ্যাস, উৎসব, শিল্প, লোক–ঐতিহ্য ও জীবনযাপনের সম্মিলিত প্রকাশ। একজন মানুষের বিশ্বাস ভিন্ন হতে পারে, কিন্তু সংস্কৃতি তাকে তার ভূখণ্ড, ইতিহাস ও অন্য মানুষের সঙ্গে যুক্ত করে।
বাংলাদেশের সংস্কৃতির দিকে তাকালেই এ সত্য স্পষ্ট হয়। লালন, হাসন রাজা, শাহ আবদুল করিম, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন কিংবা আব্বাসউদ্দীনের সৃষ্টির মধ্যে আমরা যেমন আধ্যাত্মিকতার ছায়া দেখি, তেমনি দেখি মানুষের প্রতি গভীর ভালোবাসা, প্রকৃতির প্রতি মুগ্ধতা এবং স্বাধীন চেতনার দীপ্তি। তাঁদের সাহিত্য ও সংগীত কোনো সংকীর্ণ পরিচয়ের মধ্যে আটকে থাকেনি। বরং মানুষকে মানুষ হিসেবে দেখার শিক্ষা দিয়েছে।
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম সংস্কৃতির নতুন ক্ষেত্র তৈরি করেছে। এ মাধ্যম যেমন ঘৃণা ছড়ানোর জন্য ব্যবহৃত হতে পারে, তেমনি সংহতি গড়ার জন্যও ব্যবহৃত হতে পারে। সাম্প্রতিক ঘটনায় আমরা দেখেছি, মানুষ একই গানকে ঘিরে এমন এক সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছে, যা কোনো সংগঠনের আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না; মানুষের স্বতঃস্ফূর্ত সৌন্দর্যের প্রতিবাদ।

