গণিতের উৎসব: ডুয়েটে আসছে জাতীয় ম্যাথমেটিকস কার্নিভ্যাল
Banglaprabah.com – ড য ট অন ষ ঠ ত – আগামী ২৫ জুলাই ২০২৬ শনিবার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ক্যাম্পাসে এক বিশেষ গণিতভিত্তিক আয়োজনের আয়োজন করা হয়েছে। ডুয়েটের গণিত বিভাগ এবং ম্যাথ ক্লাবের যৌথ উদ্যোগে এই কার্নিভ্যালটি অনুষ্ঠিত হবে। দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি, বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি বিকাশ এবং স্টেম শিক্ষার প্রসার এই আয়োজনের মূল লক্ষ্য।
এই জাতীয় পর্যায়ের কার্নিভ্যালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজারের বেশি শিক্ষার্থী এবং দুই শতাধিক শিক্ষক, গবেষক, শিক্ষাবিদ ও আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখযোগ্য অতিথি ও বক্তারা
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল। সভাপতিত্ব করবেন গণিত বিভাগের প্রধান অধ্যাপক সিরাজুল হক মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সহ–উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আরেফিন কাউছার, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর, ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ), বিজ্ঞান অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, করপোরেট প্রতিনিধি এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিরা।
মূল প্রবন্ধ উপস্থাপক (কি-নোট স্পিকার) হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রখ্যাত কম্পিউটারবিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ কায়কোবাদ এবং বিশিষ্ট কথাসাহিত্যিক, সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। তাঁদের অনুপ্রেরণামূলক বক্তব্য গণিত, গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি, সৃজনশীলতা এবং নেতৃত্ব বিকাশে শিক্ষার্থীদের নতুন দিকনির্দেশনা প্রদান করবে।
পৃষ্ঠপোষক ও সহযোগী প্রতিষ্ঠান
এবারের ‘দ্য ন্যাশনাল ম্যাথমেটিকস কার্নিভ্যাল ২০২৬’-এর শিরোনাম পৃষ্ঠপোষক (টাইটেল স্পনসর) হিসেবে রয়েছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)। সহযোগী পৃষ্ঠপোষক (সাপোর্ট স্পনসর) হিসেবে সহযোগিতা করছে গাজীপুর জেলা প্রশাসন এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন। দেশের সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক প্রথম আলো এ আয়োজনের সহযোগী অংশীদার (অ্যাসোসিয়েট পার্টনার) হিসেবে যুক্ত রয়েছে। এ ছাড়া কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা ম্যাগাজিন পার্টনার হিসেবে এবং সময় টেলিভিশন মিডিয়া পার্টনার হিসেবে এই জাতীয় আয়োজনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, শিক্ষা-সহযোগী প্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ীরা এ আয়োজনের সফল বাস্তবায়নে সহযোগিতা প্রদান করছে।
প্রতিযোগিতা ও পুরস্কার
দিনব্যাপী এই কার্নিভ্যালে স্কুল, ইন্টারমিডিয়েট এবং বিশ্ববিদ্যালয়—এই তিনটি ক্যাটাগরিতে মোট ছয়টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে গণিত অলিম্পিয়াড, ম্যাথ গেম, গণিতবিষয়ক প্রবন্ধ রচনা প্রতিযোগিতা এবং গণিতবিষয়ক পোস্টার উপস্থাপনা প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় নগদ পুরস্কার, ক্রেস্ট ও সনদ। এ ছাড়া সব নিবন্ধিত অংশগ্রহণকারী পাবেন অফিশিয়াল ইভেন্ট টি-শার্ট, অংশগ্রহণ সনদ, ইভেন্ট কিট, সকালের নাশতা ও মধ্যাহ্নভোজ।
অনুষ্ঠানের সময়সূচি
- সকাল ৮টা – ৯টা: নিবন্ধন ও রিপোর্টিং (অডিটোরিয়াম মাঠ)
- সকাল ৯টা – ৯:৩০টা: উদ্বোধনী অনুষ্ঠান (অডিটোরিয়াম মাঠ)
- সকাল ১০টা – বেলা ১১টা: গণিত অলিম্পিয়াড
- বিশ্ববিদ্যালয় ও ইন্টারমিডিয়েট পর্যায় — টেক্সটাইল ওয়ার্কশপ ভবন
- স্কুল পর্যায় — ডুয়েট ইঞ্জিনিয়ারিং স্কুল
- বেলা ১১টা – বেলা ১টা: মূল প্রবন্ধ উপস্থাপন (অডিটোরিয়াম), পোস্টার উপস্থাপনা (অডিটোরিয়াম মাঠ) এবং স্কুল পর্যায়ের ম্যাথ গেম (ডুয়েট ইঞ্জিনিয়ারিং স্কুল)
- বেলা ২টা – বিকেল ৪:৩০টা: সমাপনী অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণী (অডিটোরিয়াম)

