ক্রসবর্ডার ডিজিটাল পেমেন্টে নতুন কাঠামো: পেপল ও পেওনিয়ারের মতো সেবা আসছে
Banglaprabah.com – প পল ও প ওন য র – বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক লেনদেন ও অর্থ স্থানান্তর ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ‘ব্যাংক-মধ্যস্থতাকারী কাঠামো’ নামক এই নতুন প্রক্রিয়া চালু করার মাধ্যমে দেশের ব্যাংকগুলো এখন পেপল, পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি করে সেবা প্রদান করতে পারবে। আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ, ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং লেনদেন কাঠামো আধুনিকায়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা ও কার্যক্রম
বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই নতুন ব্যবস্থার অধীনে ব্যাংকগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম, অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবাদাতা এবং অন্যান্য বৈধ লেনদেন সমাধান প্রদানকারীদের সাথে যৌথভাবে আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সুবিধা প্রদান করতে পারবে। নির্দেশনায় এই প্রতিষ্ঠানগুলোকে ‘ক্রসবর্ডার ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান’ হিসেবে অভিহিত করা হয়েছে।
ব্যাংকগুলো গ্রাহকদের নামে ‘ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট’ বা ডিভিএ নামে ডিজিটাল ওয়ালেট বা স্টোরড-ভ্যালু অ্যাকাউন্ট খুলতে সহায়তা করতে পারবে। তবে এই ব্যক্তিগত হিসাবগুলো সরাসরি বা স্বতন্ত্রভাবে পরিচালিত হবে না। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি হিসাবকে সংশ্লিষ্ট ব্যাংকের অধীন একটি ‘মাস্টার ডিভিএ’ বা সেটেলমেন্ট অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকতে হবে।
লেনদেনের স্বচ্ছতা বজায় রাখতে ব্যাংকের সিস্টেমে রিঅ্যাল টাইম মনিটরিং এবং একটি সমান্তরাল খতিয়ান বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
কোনো অব্যবহৃত তহবিল থাকলে তা ব্যাংকের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকবে এবং নিয়মানুযায়ী তা ফেরত বা সামঞ্জস্য করতে হবে।
সুবিধাভোগী ও সীমাবদ্ধতা
নতুন এই কাঠামোর আওতায় ব্যক্তিশ্রেণির পাশাপাশি ব্যবসায়ী ও ফ্রিল্যান্সাররা বৈদেশিক মুদ্রায় লেনদেনের সুবিধা পাবেন। ব্যক্তিগত, চিকিৎসা বা দাপ্তরিক কাজের ভ্রমণ কোটার আওতায় বৈদেশিক মুদ্রা ব্যবহারের ক্ষেত্রে এই ডিজিটাল ওয়ালেট সুবিধা পাওয়া যাবে। ছোটখাটো আন্তর্জাতিক কেনাকাটা বা ফি পরিশোধে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৩০০ মার্কিন ডলার পর্যন্ত লেনদেন করা যাবে। এছাড়া প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে সদস্যপদ ফি, আইটিসংক্রান্ত খরচ, ভিসা প্রসেসিং ফি এবং অনলাইনে হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যাবে।
এক্সপোর্ট রিটেনশন কোটা (ইআরকিউ) এবং রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবের বিপরীতে এই সুবিধা দেওয়া যাবে। ইআরকিউ হিসাবধারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ তিনজন শীর্ষ কর্মকর্তা ব্যবসায়িক খরচের জন্য ডিভিএ হিসাব ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায়ীরা তাদের অর্জিত অর্থ সহজেই দেশে ফেরত আনতে পারবেন।
বৈদেশিক নাগরিকদের জন্য সুবিধা
বাংলাদেশে আসা বিদেশি নাগরিক বা পর্যটকেরাও দেশি মার্চেন্ট পয়েন্টে পেমেন্ট করার জন্য এই সেটেলমেন্ট সুবিধা পাবেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই সেবা চালু করার আগে ব্যাংকগুলোকে তাদের বিস্তারিত তথ্য, তাদের কারিগরি পরিকাঠামো এবং নিরাপত্তা কাঠামো উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে পূর্বানুমতি বা স্বীকৃতি নিতে হবে। পাশাপাশি অর্থ পাচার প্রতিরোধ এবং গ্রাহক যাচাই নীতি মেনে নিয়মিত লেনদেনের তথ্য প্রতিবেদন আকারে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

